হাই নয়, ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

১৩ মার্চ, ২০২২ ১৮:৫২  
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-কে নিচু স্তরের প্রযুক্তি হিসেবে বিবেচনা করেন প্রযুক্তিবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এজন্য নির্বাচনে ব্যবহারের আগে বিষয়টি নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনকে আলাপ-আলোচনা করার পরমর্শ দিয়েছেন তিনি। শিক্ষাবিদের অংশগ্রহণে রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে এই পরামর্শ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সাবেক এ অধ্যাপক। তিনি বলেছেন, ‘ইভিএম এটা টেকনোলজির ব্যাপার। টেকনোলজির শিক্ষকদের নিয়ে বসে বিষয়টা অ্যানালাইসিস করা যেতে পারে। এখন অনেক নতুন টেক এসেছে। যেমন ব্লক চেইন। এখানে এই সমস্ত ব্যাপারকে একদম ফুলপ্রুফ করে দেওয়া হয়। ইভিএম নিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মানুষের সঙ্গে বসতে হবে। ওনারা কনভিন্স হলে জাতিকে বলতে পারবেন, ইভিএম নিয়ে ভয়ের কিছু নাই, এটা সম্পূর্ণ নিরাপদ।’ প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। তারাও দেশ নিয়ে ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে। ইদানীং দেখা যাচ্ছে অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে। সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।